দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগান মাঠ গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪) এবং একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম (৩৫)। তারা সম্পর্কে মামা-ভাগনে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, দুপুরে রফিকুল সরকার নিজ ধানের জমিতে কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত ওই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় পাশের জমিতে কাজ করা তার ভাগনে নুর আলম ঘটনাটি দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু তিনিও বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাঠে কাজ করার সময় মোটরের লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই